উত্তরদিনাজপুর

জমিজট কাটাতে দফায় দফায় বৈঠক। তারপরেও হল না সমাধান বাইপাস প্রকল্পের সমাধান

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পর্যটন মন্ত্রী গৌতম দেবের পর পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানী বাইপাস প্রকল্পের জমিজট কাটাতে দফায় দফায় বৈঠক করলেও বৃহস্পতিবারের বৈঠকে কোনও সমাধান সুত্র বেরাল না। যদিও মন্ত্রী গোলাম রব্বানীর দাবী খুব শীঘ্রই সমস্যা মিটে যাবে। কিন্তু বর্তমান বাজার মূল্য না পেলে জমি ছাড়বে না বলে সাফ জানিয়ে দিয়েছে জমিদাতারা। এদিন বাইপাস প্রক্লপে জমিদাতাদের সাথে ইসলামপুরের বিবেকানন্দ সভাগৃহে মন্ত্রী গোলাম রব্বানীর উপস্থিতিতে মহকুমা প্রশাসনের বৈঠক হয়।     

        প্রসঙ্গত, সম্প্রীতি সোনাপুর হাই স্কুলের মাঠে প্রশাসনের বৈঠকে এসে ইসলামপুর বাইপাস প্রকল্পে জমিজট কাটাতে নির্দেশ দেন খোদ মুখ্যমন্ত্রী। এরপরই পর্যটন মন্ত্রী গৌতম দেবের উপস্থিতিতে ইসলামপুর বাইপাস প্রকল্পের জমিদাতাদের নিয়ে প্রশাসনিক বৈঠক হয়। এদিন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানীর উপস্থিতিতে জমিদাতাদের নিয়ে বৈঠক হলেও কোন সমাধান হয়নি। 

        জমিদাতাদের অভিযোগ, যেসব কৃষকের অল্প জমি গিয়েছে তাদেরকে গীতাঞ্জলী ঘর, সিভিক পুলিশে চাকরির লোভ দেখাচ্ছে মহকুমা প্রশাসন। বাইপাস প্রকল্পে যাদের বেশি জমি গিয়েছে তাদের জন্য কিছু করছে না। জমিদাতাদের দাবী, রাজ্য সরকার জমির দাম না বাড়ালে তাঁরা বাইপাসের জমি দেবে না। ২০০৪ সালে জমি অধিগ্রহন করে ২০১০১ সালে টাকা দিলে সেই দাম জমিদাতারা মানবে না বলে সাফ জানিয়েছেন তাঁরা। 

        উল্লেখ্য, এদিনের বৈঠকে মন্ত্রী গোলাম রব্বানী ছাড়াও ইসলামপুর বিধায়ক কানাইয়ালাল আগারওয়াল, ইসলামপুরের মহকুমা শাসক সেরিং ইয়ান্ডেন ভুটিয়া, বিডিও শতদল দত্ত সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন।